চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক দিয়ে সবজি পরিবহনের সময় চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকেরা। বিক্ষোভে যোগ দেন সবজি ব্যবসায়ী এবং সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারাও। গতকাল বৃহস্পতিবার সড়কের মুষকুম এলাকার সেতুতে দিনভর বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রামুর সবজি ব্যবসায়ী মোস্তাক আহমদ, আবদুল মালেক ও বেলাল আহমদ বলেন, রামু উপজেলার গর্জনিয়া, নাইক্ষ্যংছড়ি ও চাকঢালাবাজার থেকে পাইকারি দামে সবজি কিনে কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন হাটবাজারে সরবরাহ করা হয়। কিন্তু রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে আবু তাহেরের নেতৃত্বে কতিপয় ব্যক্তি বিভিন্ন পণ্যের বিপরীতে চাঁদা আদায় করছেন। প্রতিবাদ করলে গালিগালাজ ও মারধর করা হয়। এ কারণেই এই আন্দোলন।
ব্যবসায়ী নুরুল কাদের বলেন, গর্জনিয়া বাজার থেকে শাকসবজি, হাঁস, মুরগি, ছাগল কিনে রামু যাওয়ার পথে ব্যবসায়ীরা চাঁদাবাজির কবলে পড়ছেন। এ কারণে তাঁদের লোকসান যাচ্ছে।
সবজি ব্যবসায়ী বেলাল আহমদ জানান, গত বুধবার ছোট একটি বস্তায় ভরে তরকারি আনতে তাঁকে ৬০ টাকা দিতে হয়েছে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, গর্জনিয়া বাজারের শাকসবজি, তরিতরকারি কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। কিন্তু কৃষকদের ধর্মঘটের কারণে গতকাল এই বাজারের দোকানপাট বন্ধ ছিল।
রামু উপজেলা পরিবহন মোটর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ বলেন, কৃষকের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ না হলে এই সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হবে।
কৃষকের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে আবু তাহের বলেন, বান্দরবান জেলা পরিষদ থেকে সড়কটি ইজারা নিয়েছেন তিনি। তাই শাকসবজি, তরকারিসহ বিভিন্ন পণ্যের বিপরীতে ইজারা আদায় করেন। এ জন্য রসিদও দেওয়া হয়। তবে কয়েকজন লোক সবজি ব্যবসায়ীদের কাছ থেকে বিনা রসিদে চাঁদা আদায় করছে বলে তিনি অভিযোগ পেয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে কৃষকদের বিক্ষোভের কথা স্বীকার করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমেদ বলেন, রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের হাসপাতাল এলাকায় বান্দরবান জেলা পরিষদ এবং নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের নামে নিয়মবহির্ভূতভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এ কারণে সবজিচাষিরা ক্ষতির স্বীকার হচ্ছেন। বিষয়টি চাষিরা তাঁকে জানিয়েছেন। পরে তিনি জেনেছেন, বান্দরবান জেলা পরিষদ সড়কটি ইজারা দিয়েছে। চাঁদাবাজি বন্ধ এবং চাষিদের ক্ষতির বিষয়টি নিয়ে ঈদের পরে উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।