চাঁদাবাজি মামলায় মোকাররম সাত দিনের রিমান্ডে
ফরিদপুরে চাঁদাবাজির একটি মামলায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া ওরফে বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ফরিদপুর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এস এম সরোয়ার হোসেন ২০ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলাটি করেন। মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস (সহকারী একান্ত সচিব) ও জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জিকেও অভিযুক্ত করা হয়।
সরোয়ার এজাহারে উল্লেখ করেন, বিদেশে লোক পাঠানোর কথা বলে ৪ এপ্রিল মোকাররম ও সত্যজিৎ তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা নেন। কিন্তু তাঁরা বিদেশে লোক পাঠাননি এবং টাকাও ফেরত দেননি।
এ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন গতকাল সোমবার দুপুরে আদালতে মোকাররমের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। সরকারি কৌঁসুলি খসরুজ্জামান বলেন, শুনানি শেষে সদর আদালতের নির্বাহী হাকিম মো. হামিদুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোকাররমকে গত বৃহস্পতিবার ঢাকার বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করে রমনা থানার পুলিশ।