চাঁদাবাজি মামলায় দুই বাগানের ১১ জন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা ও চাম্পারায় চা-বাগানের ১১ জনকে একটি চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। এর প্রতিবাদে এবং ওই মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার ওই দুই চা-বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।
কুরমা ও চাম্পারায় চা-বাগান কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে। এসব বাগান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি)। চা-বাগান সূত্রে জানা যায়, এক মাসের বেশি সময় আগে কুরমা বনাঞ্চলের ভেতর হামহাম জলপ্রপাতে যাওয়ার সময় পর্যটকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ইসলামপুর ইউনিয়নের কানাইদামী গ্রামের হেলাল মিয়া কমলগঞ্জ আমলি আদালতে একটি চাঁদাবাজি মামলা করেন।
এ মামলায় কুরমা চা-বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাশি (৪৫), চাম্পারায় চা-বাগানের শ্রমিক ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রাজেশ নুনিয়া (৪৩), দুটি চা-বাগানের শ্রমিক, সন্তানসহ মোট ১১ জনকে আসামি করা হয়। গত মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে যান এবং তাঁদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ১১ জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
এর প্রতিবাদে ও মামলা ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ৮টায় কুরমা চা-বাগানের ১ হাজার ৭০০ ও চাম্পারায় চা-বাগানের ১ হাজার ২০০ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।