চাঁদাবাজি মামলায় পিআইওর অফিস সহকারী কারাগারে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আবদুল লতিফকে চাঁদাবাজি ও মানহানির মামলায় গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।লতিফসহ আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন গত সোমবার ওই মামলা দায়ের করেন। আওয়ামী লীগের ওই দুই নেতা হলেন উপজেলা কমিটির সহসভাপতি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মাসুদ রানা।মামলার এজাহারে বলা হয়, কিছুদিন ধরে বিভিন্ন মুঠোফোন থেকে দেলোয়ারের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়। গত ২৮ মে ভাইস চেয়ারম্যানের তত্ত্বাবধায়ক আবু তাহেরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করলে ওই দিনই মামলা করা হয়। মামলার পর ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগকে জড়িয়ে একটি প্রচারপত্র বিলি করা হয়। গোপনে দেলোয়ার জানতে পারেন পিআইও কার্যালয়ের লতিফসহ তিনজন এই প্রচারপত্র তৈরি ও বিতরণের সঙ্গে জড়িত এবং প্রচারপত্রটি পিআইও অফিসের কম্পিউটারে তৈরি। পরে ভাইস চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও আবুল আমিনের নির্দেশে এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির সদস্য করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পালকে। তদন্ত কর্মকর্তা মঙ্গলবার পিআইও অফিসের কম্পিউটার পরীক্ষা করে প্রচারপত্রের মূল কপি উদ্ধার করেন।প্রচারপত্র তৈরির কাজে পিআইও অফিসের কম্পিউটার ব্যবহারের অভিযোগে লতিফকে সোমবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার লতিফকে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।তবে মাসুদ রানা অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঈর্ষান্বিত হয়ে ভাইস চেয়ারম্যান মামলায় তাঁকে আসামি করেছেন। মামলার অপর আসামি আমিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, এ ঘটনায় দেলোয়ার তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।