চাঁদাবাজিকালে অস্ত্রসহ আটক ২
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক প্রবাসীর বাড়িতে চাঁদাবাজির সময় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার
দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক যুবকেরা হলেন সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের শাহাদাত হোসেন (২০) ও পাশের বেগমগঞ্জ উপজেলার সিরাজউদ্দিনপুরের সাদ্দাম হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, হাসানপুর গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম কিছুদিন আগে একটি পাকা ঘর নির্মাণ শুরু করেন। সপ্তাহ খানেক আগে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন শাহাদাত ও সাদ্দাম। চাঁদা দিতে অস্বীকার করার দুই দিন পর ওই বাড়িতে গিয়ে নির্মাণশ্রমিকদের কাজ বন্ধ রাখতে হুমকি দিয়ে আসেন তাঁরা। রফিকুল বিষয়টি পুলিশকে জানান। গতকাল দুপুরে সাদ্দাম, শাহদাতসহ সাত-আটজন অস্ত্রশস্ত্র নিয়ে আবার রফিকুলের বাড়িতে আসেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় সাদ্দাম ও শাহদাতকে আটক করে। এ সময়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিয়া প্রথম আলোকে বলেন, আটক সাদ্দাম ও শাহাদাতের বিরুদ্ধে থানায় হত্যাসহ ছয়-সাতটি করে মামলা রয়েছে। দুজনের কাছ থেকে একটি পিস্তল, দুটি কার্তুজ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।