চাঁদাবাজিতে তটস্থ পাঁচ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের পাঁচটি গ্রামের সাড়ে তিন হাজার পরিবার। এর মধ্যে বেশির ভাগই হিন্দু পরিবার। চাঁদাবাজি, লুটপাট, হামলাসহ নানা অপরাধমূলক তৎপরতায় তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব অপরাধমূলক তৎপরতা বন্ধ করার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
শেখহাটি ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, পঁচিশা গ্রামের নাজমুল হোসেন ওরফে গামার নেতৃত্বে এলাকার কিছু সন্ত্রাসী বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি ও মালামাল লুটপাট করছে। গত চার মাসে এই বাহিনী চাঁদা হিসেবে ১২ থেকে ১৪ লাখ টাকা আদায় করেছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা ৪০ থেকে ৪৫টি পরিবারের বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে গেছে এবং দুজনের পানের বরজে আগুন দিয়েছে।
শেখহাটি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া বলেন, ‘লোকমুখে শুনেছি যে ওই এলাকায় গামা বাহিনী আছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। কিন্তু এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে ফাঁড়িতে আসেনি।’
নাজমুল হোসেন ওরফে গামা চাঁদাবাজি, লুটপাট ও মানুষের বাড়ির গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ‘আমি ফকিরের ছেলে নই। আমার ফসলি জমি, ঘের ও ব্যবসা আছে।’
তবে নাজমুলের দাবি নাকচ করে দিয়ে স্থানীয় পঁচিশা বাজারের মুদি ব্যবসায়ী তৌহিদুর রহমান অভিযোগ করেন, নাজমুলের একটি সন্ত্রাসী বাহিনী আছে। কিছুদিন আগে তারা চাঁদা চেয়ে গ্রামের বিত্তশালী ব্যক্তিদের কাছে চিঠি দিয়েছে। নাজমুলের চাচা শামীম মোল্যা শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর জোরেই তিনি নানা অপকর্ম করে থাকেন।
পঁচিশা গ্রামের বাসিন্দা অভিমান্য রায় বলেন, ‘রাতে আমরা বারান্দায় ঘুমাই। গত ২৮ মার্চ গভীর রাতে ১০ থেকে ১২ জন পার্টির লোক কোয়ে (পরিচয় দিয়ে) আমাগে বুয়ির (বুকের) ওপর বন্দুক আর গলায় দা ধরে দুই লাখ টাকায় চান্দা (চাঁদা) চায়। তাগে (তাঁদের) মুখ বান্দা ছেল। চান্দা দিতি না পারলি পরের দিন সয়ালে পাশের কাইজদাহ গ্রামের হালিম ব্যাপারী গুয়ালঘর থেয়ে আমার গরুডা খুলে নিয়ে যায়। গামার ভয়ে আমার ছলডা বাড়ি ছাড়ে চলে গেছে।’
একই গ্রামের রবিন রায় বলেন, ‘গত মাসের মাঝামাঝি সময়ে গামা আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে সে কোমর থেকে অস্ত্র বের করে। ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাই।’ নাম প্রকাশ না করার শর্তে একই গ্রামের অন্য একজন জানান, নাজমুল তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তিনি ইতিমধ্যে ২২ হাজার ৫০০ টাকা দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, চাঁদা না দেওয়ায় নাজমুল তপনভাগ গ্রামের ইমরান মোল্লা ও অমর দত্তের পানের বরজে আগুন ধরিয়ে দেন। নাজিম শেখের জমি জোর করে দখলে নিয়ে নাজমুল ঘের করেছেন। ইউপির সদস্য শামীম মোল্লা জানান, নাজমুল তাঁর দূর সম্পর্কের আত্মীয়। তিনি তাঁর অপকর্মে সহায়তা করেন না।
শেখহাটি ইউপির চেয়ারম্যান সেলিম গাজী জানান, পঁচিশা, তপনভাগসহ বেশ কয়েকটি গ্রাম নড়াইলের সদর উপজেলা এবং যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী। শেখহাটি পুলিশ ফাঁড়ি ওই সব গ্রাম থেকে বেশ দূরে হওয়ায় তিনি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নিতে পারে না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইলি জানান, এলাকার লোকজন থানায় এসে গামা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করুক। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।