কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির চাঁদাবাজির জন্য ৭৩টি সিম কার্ড ব্যবহার করতেন। এদিকে আমিরের সিম কার্ডের তিনজন ‘জোগানদাতাকে’ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ এ কথা জানিয়েছে।
১ আগস্ট রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তার হোসেন নিহত হন। তিনি কেরানীগঞ্জের শিশু পরাগ অপহরণ মামলার প্রধান আসামি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, কল ডিটেইলস রেকর্ডের (সিডিআর) মাধ্যমে জানা গেছে, আমির প্রতিনিয়ত নতুন মুঠোফোন ও সিম কার্ড ব্যবহার করতেন। আমির চাঁদাবাজির জন্য প্রায় ৭৩টি সিম কার্ড ও অর্ধশতাধিক মুঠোফোন ব্যবহার করেছেন। এসব সিম কার্ড শুধু আউটগোয়িংয়ের কাজে ব্যবহার করা হতো। আমিরের ব্যবহৃত ৭৩টি সিমের মধ্যে ২৫টি সিম কদমতলী এলাকার মা টেলিকম থেকে তাঁর নামে রেজিস্ট্রেশন করা। এ ছাড়া একই এলাকার মিম টেলিকম থেকে আমিরের সহযোগী চায়না বেগমের নামে ২০টি সিম রেজিস্ট্রেশন করা হয়।
এদিকে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী থেকে আমিরের সিম কার্ডের ‘জোগানদাতা’ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার মিম টেলিকমের মালিক রুহুল আমিন, মা টেলিকমের মালিক ইমরান হোসেন ও তাঁর ভাই মো. রুবেল। গত শুক্রবার তাঁদের ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে আদালত তিনজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এসআই শরিফুল বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে মিম টেলিকমের মালিক রুহুল আমিন, মা টেলিকমের মালিক ইমরান হোসেন ও তাঁর ভাই মো. রুবেল আমির ও তাঁর সহযোগীদের কাছে সিম কার্ড পৌঁছে দিতেন। তাঁরা বাড়িতে বসে নিবন্ধনের কাজ করতেন। সিম কার্ডগুলো একই পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করা হলেও প্রতিবার আমির আলাদা আলাদা ছবি ব্যবহার করতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।