চাঁদাবাজির অপরাধে তরুণের কারাদণ্ড
রাজবাড়ীর গোয়ালন্দে এক নারী ও তাঁর স্বজনকে জিম্মি করে চাঁদা আদায়ের অপরাধে গত সোমবার রাতে রনি (১৮) শেখ নামের এক তরুণকে পুলিশ আটক করে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রনির বাড়ি গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্যারপাড়া তোড়াইয়ের মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বাসিন্দা ওই নারী ৩ অক্টোবর সন্ধ্যার পর তাঁর এক স্বজনের সঙ্গে তোড়াইয়ের মোড় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। একপর্যায়ে কয়েকজন সহযোগী নিয়ে রনি তাঁদের জিম্মি করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ওই নারী থানায় অভিযোগ দেন। এরপর থেকে রনি ও তাঁর সহযোগীদের আটকের চেষ্টা করে পুলিশ। গত সোমবার রাতে ওই এলাকা থেকে রনিকে আটক করা সম্ভব হয়। তাঁকে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও পঙ্কজ ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রনিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁকে জেলা করাগারে পাঠানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল ইসলাম বলেন, রনিসহ একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।