চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। একই অভিযোগে ওই থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেনকে প্রত্যাহার করা হয়।৩ ডিসেম্বর ওসির কাছে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত একটি কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়। তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। নোটিশে সুলতান আহমেদ নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে ওই ওসির বিরুদ্ধে মাসিক পাঁচ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। এর আগে চাঁদা দাবির বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দিতে পুলিশের লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (এসি-টহল) মোনতাছির রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিবেদনটি লালবাগ অঞ্চলের উপকমিশনার ও ডিএমপি কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়।জানতে চাইলে লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ গত শনিবার প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি পুলিশের শৃঙ্খলা শাখায় পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। অভিযোগের ব্যাপারে জানতে মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আমির হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ চকবাজার থানার আজগর লেন গলির সামনে থেকে মালামালভর্তি কাভার্ড ভ্যানসহ সুলতান আহমেদকে আটক করে। তিনি কাগজপত্র দেখান। কিন্তু আমির হোসেন গাড়ি ও মালামাল আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। সুলতান ঢাকেশ্বরী মন্দিরে দায়িত্বরত ওসির কাছে গিয়ে ঘটনা খুলে বলেন। ওসি তাঁকে বলেন, ‘থানায় যান, আমি এসআই আমিরকে বলে দিচ্ছি। মালামাল দিয়ে দেবে।’ এবার থানায় পাঁচ লাখ টাকার পরিবর্তে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন আমির হোসেন। অভিযোগটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গেলে তাঁকে ওই দিনই প্রত্যাহার করা হয়। কিন্তু পরদিন সুলতানের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগে চকবাজার থানায় মামলা করেন আমির হোসেন। অনুসন্ধানের বিষয়ে এসি মোনতাছির প্রথম আলোকে বলেন, এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া প্রত্যাহারের পর তিনি এ মামলার বাদী হতে পারেন না। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এসআই ‘কিছু জানি না’ বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।সুলতানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর তিনি জামিনে বের হয়ে আসেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই। তাঁর মুঠোফোনও বন্ধ।