হাটহাজারীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ কর্মীর মুক্তির দাবিতে মিছিল করেছে তাঁর সহযোগীরা।হাটহাজারীর সর্বস্তরের জনতার ব্যানারে গতকাল রোববার সন্ধ্যায় দুই শতাধিক লোক সদর এলাকায় মিছিল করে। এ সময় তারা হাটহাজারী থানার ওসির বিরুদ্ধে স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে হাটহাজারী কলেজের সামনে মিছিলকারীরা জড়ো হয়। সেখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল বের হয়। একটি মিছিল আরেকটিকে অনুসরণ করে। মিছিলকারীরা হাটহাজারী কলেজ চত্বর থেকে কাচারি সড়ক হয়ে থানার সামনে গিয়ে মিনিট খানেক অবস্থান করে। সেখান থেকে বাসস্ট্যান্ডের দিকে গিয়ে সমাবেশ করে। সেখানে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলীর বিরুদ্ধে স্লোগান দেয়।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির অভিযোগে একজন যুবককে জনতা শনিবার রাতে পুলিশে সোপর্দ করে। ওই যুবকের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিলে কিছু লোক তাঁর মুক্তির দাবিতে মিছিল করে। গত শনিবার রাতে রাঙামাটি থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাককে হাটহাজারীর ছড়ারকূল এলাকায় থামায় চার-পাঁচজন যুবক। তাঁরা নিজেদের গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে ট্রাক থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই ট্রাকে ১২টি গরু ছিল। স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজি নিয়ে দর-কষাকষি করার সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। একপর্যায়ে যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা সৌরভ চৌধুরী (২০) নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করে।সৌরভ হাটহাজারী পৌরসভার আলীপুর ওয়ার্ডের কামালউদ্দিন চৌধুরীর ছেলে বলে জানা গেছে। তিনি ছাত্রলীগের কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে।