চাঁদাবাজির অভিযোগে ওসিকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু সাঈদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার ওসিকে কারণ দর্শাও নোটিশ এবং এএসআইকে বদলি করা হয়েছে।
বিষয়টি তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, গত আগস্টে যোগদানের পর থেকেই আবু সাঈদকে সঙ্গে নিয়ে ওমর ফারুক বিভিন্ন পানীয়র দোকানে অভিযান চালান। এ সময় তাঁরা বিভিন্ন দোকান থেকে যৌন উত্তেজক কিছু পানীয় জব্দ করেন। পরে তাঁরা ওই দোকানদারদের জেল-জরিমানার ভয় দেখিয়ে নগদ টাকা নেন। সম্প্রতি সদর উপজেলার শিয়ালকোল বাজারের ফল ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকানে যৌন উত্তেজক পানীয় পেয়ে জোর করে তাঁর কাছ থেকে ১৫ হাজার ২০০ টাকা নেন অভিযুক্ত ব্যক্তিরা।
পরে একই এলাকার লিটন সাহার মুদি দোকান থেকে একই অভিযোগে সাড়ে চার হাজার টাকা নেন। বিষয়গুলো জানার পর পুলিশ সুপার এস এম এমরান হোসেন অভিযুক্ত ওসিকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ ও এএসআইকে চৌহালী থানায় বদলির আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করেন।