খুলনা মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিব ইকবালকে গতকাল রোববার কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি ও অছাত্রসুলভ আচরণের জন্য তাঁদের বহিষ্কার করা হয়।কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাব্বির মাহমুদ প্রথম আলোকে বলেন, চয়ন ও ইকবালের দুর্নীতি ও অছাত্রসুলভ আচরণের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ জন্য শিক্ষার্থীরা তাঁদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া শিক্ষার্থীরা কলেজে অবস্থান ধর্মঘটসহ প্রতিবাদ কর্মসূচিও পালন করেন।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হামিদ আজগর প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গতকাল অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতদের এ ব্যাপারে চিঠি দিয়ে জানানো হবে।এদিকে চয়ন বিশ্বাস অভিযোগ করেন, ক্ষমতা কুক্ষিগত করতে ছাত্রলীগের জিল্লুর রহমান ও সাব্বির মাহমুদের নেতৃত্বে একটি পক্ষ সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়েছে। তাঁদের সঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন নেতাও জড়িত বলে তিনি অভিযোগ করেন। কলেজের ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. নেওয়াজ মোস্তাফিজ বলেন, বহিষ্কারের সিদ্ধান্তটি দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের একটি পক্ষের চাপের মুখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।