চাঁদাবাজির অভিযোগে বিজিবির সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা শাখার এক সদস্যকে আটক করা হয়। রোববার জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় চাঁদাবাজি করার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিজিবির ওই সদস্যের নাম আখতারুজ্জামান। তিনি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার ল্যান্সনায়েক।পূর্ব বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তিনি বিজিবির গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে ওই এলাকার দোকান থেকে চাঁদা আদায় করে আসছিলেন। রোববার দুপুরে কয়েকজন ব্যবসায়ী তাঁর পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তিনি দেখাতে না চাইলে ব্যবসায়ীরা তাঁকে ধরে আটকে রাখেন। খবর পেয়ে সদর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।জয়পুরহাট সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, আটক আখতারুজ্জামান বিজিবির গোয়েন্দা শাখার সদস্য। মুচলেকা নিয়ে তাঁকে জয়পুরহাট বিজিবির সদর ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে।