চাঁদাবাজির অভিযোগে মামলা, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস নির্মাণে নিয়োজিত ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মালামাল লুটের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোর দেবনাথ, বলাই চন্দ্র দাশ, সুজন দেবনাথ ও দেলোয়ার হোসেন। গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঠিকাদার মাহমুদ হোসেন চৌধুরী বলেন, ২০১০ সালে তাঁদের কার্যাদেশ দেওয়া হয়। চার কোটি ৬৩ লাখ টাকার কাজের মধ্যে প্রায় ৬৫ ভাগ ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি বলেন, ‘কিছু ব্যক্তি চাঁদা দাবি করে আমাদের কোম্পানির লোকজনকে মারধর করে ও অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায়। পাঁচ লাখ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা কোম্পানির প্রায় তিন লাখ ৫১ হাজার ৮৯০ টাকার মালামাল লুটে নিয়ে যায়।’
মাহমুদ হোসেন চৌধুরী বলেন, ‘মামলার আসামিদের মধ্যে যুবলীগের নেতা মাঈন উদ্দীন ওরফে টিটু আমাকে ফোনে হুমকি দিচ্ছেন।’ তিনি জানান, বর্তমানে ছাত্রাবাস নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য মাঈন উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁকে মামলায় জড়ানো হয়েছে।
জোরারগঞ্জ থানার এসআই মো. আলমগীর চারজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।