চাঁদাবাজির অভিযোগে শিক্ষামেলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগ ওঠায় এইম ওয়ার্ল্ডওয়াইড আয়োজিত একটি শিক্ষামেলা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৯-২১ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে ওই আয়োজক প্রতিষ্ঠান বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মেলায় অংশ নেওয়ার বাধ্যবাধকতার কথা বলে উচ্চহারে চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর আজ এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়।

সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, শিক্ষামেলা করার জন্য ওই আয়োজকদের শুধু অনাপত্তি দেওয়া হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আসায় ওই অনাপত্তি বাতিল করা হয়েছে। ফলে তারা আর মেলা করতে পারবে না। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে। এর ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।