চাঁদাবাজির অভিযোগে শ্রীমঙ্গলে সাবেক ইউপি চেয়ারম্যান আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে উপজেলার ভূনবীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চেরাগ আলীকে গত শনিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছেন।চেরাগ আলী আওয়ামী লীগের ভূনবীর ইউনিয়ন শাখার সভাপতি। তিনি বর্তমান মেয়াদের আগের মেয়াদে ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।র্যাব সূত্র জানায়, উপজেলার ভূনবীর ইউনিয়নের ইছামতি ইসলামপুর গ্রামে স্থাপিত কাজী হ্যাচারি ফার্মের ট্রাকচালক মো. কাজল মিয়ার অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে চেরাগ আলীকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে।কাজল মিয়ার অভিযোগ, কয়েক দিন ধরে রাতে চেরাগ আলী কাজী হ্যাচারি ফার্মের ট্রাক উপজেলার লছনা বাজারের কাছে আটকিয়ে চাঁদা দাবি করছিলেন। গত শনিবার রাতেও তিনি একটি ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করেন।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ রোববার বিকেল ছয়টায় বলেন, চেরাগ আলীকে র্যাব শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে কাজী হ্যাচারি ফার্মের ট্রাকচালক কাজল মিয়া চাঁদাবাজির অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে এখনো তালিকাভুক্ত করা হয়নি।