চাঁদাবাজির অভিযোগে সাত যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইনবোর্ড এলাকার ফ্যামিলি ল্যাব হাসপাতালে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফ্যামিলি ল্যাব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ বেলাল হোসাইন ভূঁইয়া গতকাল শনিবার একটি মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, তিনি এক বছর ধরে সাইনবোর্ড এলাকায় ব্যবসা করছেন। কয়েকজন যুবক কিছুদিন ধরে তাঁর প্রতিষ্ঠানের কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছিলেন।
২২ ফেব্রুয়ারি রাত আটটার দিকে শাহাদাৎ হোসেন ভূঁইয়া ও টিটু হাসপাতালে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে হুমকি দিয়ে চলে যান তাঁরা। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে শাহাদাৎ, টিটু, নিশান, আব্দুস সাত্তার মোল্লা, রাসেল, নুরুজ্জামান কাউসার, ফারুক আহমেদ ও ফারুক হোসেন হাসপাতালে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আবারও তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। তখন তাঁরা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালান এবং ক্যাশ বাক্স ভেঙে পাঁচ হাজার টাকা লুট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে। তবে টিটু পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফতউল্লাহ বলেন, ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে ক্লিনিকটিতে হামলা চালিয়ে পাঁচ হাজার টাকা লুটে নেন তাঁরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পলাতক টিটুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।