চাঁদাবাজির আরেক মামলায় সাংবাদিক মিজানুর খালাস

আওয়ামী লীগের এক নেতার করা আরেকটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রথম আলোর প্রতিনিধি এ বি এম মিজানুর রহমান। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক হাকিম নুসরাত জাহান এ রায় ঘোষণা করেন।
এ নিয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার করা তিনটি মিথ্যা মামলায় খালাস পেলেন মিজানুর। এর আগে একটি চাঁদাবাজি ও ছিনতাই এবং একটি মারামারির অভিযোগে করা মামলায় খালাস পান তিনি। অভিযোগের প্রমাণ না থাকায় আদালত তাঁকে ধর্ষণ ও মারামারির আরও দুই মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন। এখনো একটি মামলা আছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বাউফলের চন্দ্রদ্বীপ এলাকার আলম সিকদার মিজানুরের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি-২ আদালতে এই মামলা করেছিলেন। আলম চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছিল, পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে ২০১৪ সালের ১০ ডিসেম্বর মিজানুর আলম সিকদারের কাছে বকশিশ দাবি করেন।