ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণে প্রায় আড়াই মাস ধরে গাইবান্ধা শহরে পণ্য নিয়ে অন্য জেলার ট্রাক আসছে না। এ কারণে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। বিশেষ করে রড, সিমেন্ট, লবণ, চিনি, ডাল ও পশুখাদ্যের দাম বেড়েছে।
গাইবান্ধা শিল্প ও বণিক সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতি মণ রড গাইবান্ধায় দুই হাজার ৬০০ টাকা, বগুড়ায় দুই হাজার ৫২০ ও রংপুরে দুই হাজার ৫৪০ টাকা; লবণ ৭০ কেজির প্রতি বস্তা গাইবান্ধায় ৫৪০, বগুড়ায় ৫০০ ও রংপুরে ৫০০ টাকা; চিনি ৫০ কেজির প্রতি বস্তা গাইবান্ধায় দুই হাজার ১০০, বগুড়ায় দুই হাজার ৭০ ও রংপুরে দুই হাজার ৬০ টাকা; ডাল প্রতি বস্তা গাইবান্ধায় তিন হাজার ৪৫০, বগুড়ায় তিন হাজার ৩৫০ ও রংপুরে তিন হাজার ৩৭০ টাকা; ময়দা ৩৭ কেজির প্রতি বস্তা গাইবান্ধায় ৯০০, বগুড়ায় ৮৮০ ও রংপুরে ৮৭০ টাকা; যে পশুখাদ্য প্রতি বস্তা গাইবান্ধায় দুই হাজার ২১০ টাকা, বগুড়ায় তা দুই হাজার ১৭৫ ও রংপুরে দুই হাজার ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, ঢাকায় মালামাল কেনার পর সেখান থেকে ট্রাক ভাড়া করলে পরিবহন খরচ কম লাগে। কিন্তু বাইরের ট্রাক না আসায় গাইবান্ধা থেকে ট্রাক ভাড়া করে মালামাল আনতে হচ্ছে। এতে পরিবহন খরচ বেশি হচ্ছে। তাই বাধ্য হয়ে জিনিসপত্রের দাম বাড়াতে হয়েছে।
গাইবান্ধা জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয় সূত্র জানায়, প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত ৭০ থেকে ৮০টি ট্রাক পণ্য নিয়ে গাইবান্ধা শহরে আসে। কিন্তু ট্রাফিক পুলিশের চাঁদাবাজি, মামলা, মনগড়া জরিমানা আদায় ও হয়রানির ভয়ে দুই মাস ধরে বাইরের ট্রাক গাইবান্ধা শহরে আসছে না।
জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম জানান, গাইবান্ধায় একটি ট্রাক ঢুকলেই ট্রাফিক পুলিশকে ২০০ টাকা ঘুষ দিতে হয়। না দিলে কাগজপত্র যাচাই-বাছাইয়ের নামে মামলা, মনগড়া জরিমানা করে ট্রাফিক পুলিশ। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেও কোনো কাজ হয়নি।
জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবুল হোসেন জানান, গাইবান্ধায় প্রায় ৪০০টি ট্রাক রয়েছে। ট্রাকপ্রতি ২০০ টাকা মাসোয়ারা দিতে হয় পরিদর্শক ওয়াজ নবীকে। এ ছাড়া তিনি ট্রাফিক কনস্টেবল শহিদুল ইসলামকে দিয়ে চাঁদা আদায় করছেন। এ ব্যাপারে শহিদুল ইসলাম জানান, চাঁদা আদায়ের অভিযোগ মিথ্যা। ওয়াজ নবী চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান, ট্রাকে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। এমনকি স্থানীয় ট্রাকমালিকদের কাছ থেকেও মাসোয়ারা নেওয়া হয় না। যেসব ট্রাকের বৈধ কাগজপত্র নেই, কেবল সেসব ট্রাকমালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জরিমানার টাকা সরকারি তহবিলে জমা দেওয়া হয়। তবে ট্রাফিক কনস্টেবলরা চাঁদা নিতে পারেন, তা তাঁর জানা নেই।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) সাজিদ হোসেন বলেন, ‘আমি সদ্য যোগ দিয়েছি। ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’