চাঁদাবাজির কারণে এফবিসিসিআইয়ের সহসভাপতি অব্যাহতি চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে আইন প্রয়োগকারী সংস্থার কিছু অসাধু কর্মকর্তার চাঁদাবাজির কারণে রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সহসভাপতি হেলাল উদ্দিন।

এ কারণেই বাণিজ্য মন্ত্রণালয় গঠিত দ্রব্যমূল্য তদারক কমিটির সদস্যপদ এবং এফবিসিসিআইয়ের দ্রব্যমূল্য তদারক কমিটির আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই সহসভাপতি।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদের কাছে দেওয়া পৃথক দুটি চিঠিতে গতকাল শনিবার হেলাল উদ্দিন এই দুটি দায়িত্ব থেকে অব্যাহতি চান।

চিঠিতে এফবিসিসিআইয়ের সহসভাপতি অভিযোগ করেন, গণমাধ্যমের প্রতিবেদন ও মাঠপর্যায়ের চিত্র অনুযায়ী, সড়ক-মহাসড়কগুলোতে ব্যক্তি, সংগঠন কিংবা অতি উৎসাহী কিছু অসাধু আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চাঁদাবাজি ও হয়রানির কারণে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও কাঁচা শাকসবজি স্বাভাবিক মূল্যে ভোক্তারা কিনতে পারছেন না। এতে উৎপাদনকারী ও কৃষকেরা ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। আর কিছু মধ্যস্বত্বভোগী একে নিত্যপণ্যের দাম বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে।

হেলাল উদ্দিন বলেন, এবারের রমজান মাসসহ অন্যান্য মাসে ভোগ্যপণ্য ও তরিতরকারি পরিবহনে চাঁদাবাজি কিংবা হয়রানির বিষয়টি হাইওয়ে পুলিশ যেন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বসহকারে দেখে, সে জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু পণ্য পরিবহনে ব্যক্তি, সংগঠন ও পুলিশের চাঁদাবাজি কমছে না। এ প্রসঙ্গে গতকাল প্রথম আলোয় ‘পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি’ ও ‘পথে পথে চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদ দুটি এবং বাংলাদেশ প্রতিদিন-এ ‘পুলিশ সন্ত্রাসী সমানে সমান’ শিরোনামে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করেন তিনি।

হেলাল উদ্দিন বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো পণ্য পরিবহনে ব্র্যান্ডিংয়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই আলোচনা করেছে। কিন্তু আশ্বাস দিয়েও তিনি এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি।