চাঁদাবাজি ও দোকান কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কর্মী সরকার ও রাজনীতি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাজমুল হক ভূঁইয়াকে এক বছর, মাহমুদুল মিঠুকে ছয় মাস ও শেখ আরিফকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে ডিসিপ্লিনারি বোর্ডের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রক্টর জানান, এ ঘটনার তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের একটি কনফেকশনারির দোকানে শুক্রবার ছাত্রলীগের পাঁচ-ছয়জন কর্মী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা দোকান কর্মচারীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।