চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে মারধর
চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সাবেক এক কনস্টেবল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রতন শর্মাকে (৫০) পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের কুঠুরীকান্দি গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
রতন শর্মা অভিযোগ করেন, নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী গ্রামের আকবর মোল্লার ছেলে সাবেক পুলিশ কনস্টেবল টিটু মোল্লা ও তোরাপ শেখের ছেলে নজরুল শেখ রোববার কুঠুরীকান্দি গ্রামের হাজারী লালের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন। হাজারী লাল এ ঘটনা তাঁকে (রতন শর্মা) জানালে তিনি তা থানাকে জানান। এ কারণে ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার ভোরে তাঁরা তাঁকে ঘুম থেকে ডেকে তুলে বাড়ির পাশে নিয়ে মারধর করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল জানান, ইউপি সদস্য রতন শর্মা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। টিটু পুলিশে চাকরি করতেন।