চাঁদাবাজির প্রতিবাদ করায় বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির প্রতিবাদ করায় এক বাসমালিকের দুটি বাসের চলাচল বন্ধ করে দিয়েছেন নিউ আনন্দ ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুক্তার হোসেন৷ গত রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন বাসমালিক আকরাম হোসেন প্রধান৷
আকরাম বলেন, নয় দিন ধরে জীবিকা অর্জনের একমাত্র উপায় দুটি বাসের চলাচল বন্ধ করে দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন৷ বাস দুটি পুনরায় চলাচলের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি ও হস্তক্ষেপ চান তিনি৷
মুক্তার নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত৷
সংবাদ সম্মেলনে আকরাম প্রধান অভিযোগ করেন, গত বছরের ২ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ‘আনন্দ পরিবহন’-এর সাধারণ মালিকেরা সংবাদ সম্মেলন করে শামীম ওসমানের ক্যাডার মুক্তার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গত পাঁচ বছরে ২৩ কোটি ৭০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেন৷ চাঁদা দেওয়া বন্ধ করে তাঁরা পরিবহনটির পরিচালনার দায়িত্ব নিজেরাই নেন৷ কিন্তু আনন্দ পরিবহন হাতছাড়া হওয়ার কিছু দিন পর তারা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধন করে ‘দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট’ নামে আরেকটি পরিবহন চালু করে৷ ওই সময় ঢাকা-নারায়ণগঞ্জ পথে আনন্দ পরিবহন ও দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট একই সঙ্গে চলছিল৷ কিন্তু ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর শামীম ওসমান সাংসদ হওয়ার পর আনন্দ পরিবহনের বাসগুলো চলাচলে বাধা দেওয়া হয়৷ বাধ্য হয়ে মালিকেরা মোক্তারের নিউ আনন্দ ট্রান্সপোর্টে নিজেদের বাস দিতে যোগাযোগ করেন৷
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই সুযোগে মুক্তার ও তাঁর লোকজন প্রতি মালিকের কাছ থেকে এক থেকে দুই লাখ করে টাকা নিয়ে বাস তাঁদের কোম্পানিতে অন্তর্ভুক্ত করেন৷ ওই সময় আকরাম প্রধানও তাঁর দুটি বাস চালানোর অনুমতি দিতে অনুরোধ করেন৷ কিন্তু শর্ত দেওয়া হয়, তাঁর বাস চালানোর বিষয়টি গোপন রাখতে হবে৷ কিন্তু বিষয়টি শামীম ওসমান জানার পর তিনি মুক্তারকে আকরামের বাস বন্ধ রাখার নির্দেশ দেন৷ ১৭ মে থেকে মুক্তার তাঁর দুটি বাস চলতে দিচ্ছেন না৷ কারণ জানতে চাইলে শামীম ওসমানের নির্দেশের কথা জানান এবং বেশি বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেন৷ বিষয়টি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-১১-এর অধিনায়ক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে জানিয়েছেন আকরাম৷
অভিযোগ অস্বীকার করে মুক্তার হোসেন বলেন, ‘আকরাম প্রধানের নামে কোনো বাসের ব্লু বুক (নিবন্ধন-সংক্রান্ত কাগজের বই) আছে বলে আমার জানা নেই৷ তা ছাড়া অনেক গাড়ি কাজ করানোর জন্য স্ট্যান্ডে ফেলে রাখা হয়৷ সেখানে আকরামের কোনো বাস আছে কি না খোঁজ নিয়ে দেখতে হবে৷ আমি কোনো বাসের চলাচল বন্ধ করিনি৷’