চাঁদাবাজির প্রতিবাদ, গুলিতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদ করায় মহাতাব মোল্লাহ (৩০) ওরফে রুবেল নামের স্থানীয় এক ব্যবসায়ীকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তাহেরপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ওই গুলির ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশ ক্যাম্পে হামলার চেষ্টা চালায় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ জনতাকে লক্ষ্য করে লাঠিপেটা করে ও গুলি চালায়। এতে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, তাহেরপুর ক্যাম্পের পুলিশ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করছে। ক্যাম্পের সদস্যরা তাহেরপুর বাজারের বিভিন্ন দোকান থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ করেন না। এ ছাড়া বৈধ ও অবৈধ মোটরসাইকেল আটক করে মোটা অঙ্কের চাঁদা আদায় করে পুলিশ। ঈদের আগে পুলিশ আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে ব্যবসায়ীরা অতিষ্ঠ।

ঈদের আগে পুলিশ যাতে হয়রানি না করে তা নিয়ে আলোচনার জন্য তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় ব্যবসায়ী আবু নঈম শামসুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল গতকাল বেলা তিনটার দিকে তাহেরপুর পুলিশ ক্যাম্পে যায়।

শামসুর রহমান ও ব্যবসায়ী আবদুর রাজ্জাক জানান, আলোচনার একপর্যায়ে চাঁদাবাজি নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। এ সময় পুলিশ কনস্টেবল শাহাদত হোসেন রাইফেল দিয়ে ব্যবসায়ীদের ওপর গুলি করেন। এতে ঘটনাস্থলেই মহাতাব মোল্লাহ নিহত হন। এ সময় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। ক্যাম্পে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ব্যবসায়ী নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক হাজার জনতা তাহেরপুরের প্রবেশপথে ভবানীগঞ্জ-পুঠিয়া সড়কের ওপর গাছের গুঁড়ি, তেলের ড্রাম, বেঞ্চ ও টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে রাখে। এ সময় তারা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশ ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করে। পুলিশও জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এসে জনতাকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হয়ে ক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলেন। কর্মকর্তারা তাহেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জি এম মাহবুবকে সাময়িক বরখাস্ত এবং ব্যবসায়ী হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ক্ষুব্ধ জনতা শান্ত হয়।

বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই পক্ষের ওই সংঘর্ষের সময় পুলিশ প্রায় ৪০০ গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকেরা জানান। এ সময় স্থানীয় হাসান আলী (৩৫), ফিরোজ উদ্দিন (১৮), মাহাতাব উদ্দিন (৩০), আফজাল হোসেন (২০), সাদেক আলী (৩০), মেরাজ (১৮) ও হারুন (২৫) গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন অভিযোগ করেন, পুলিশ ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। মোটরসাইকেল ধরার নামে লোকজনের কাছ থেকে টাকা নেওয়াসহ তাঁদের নাজেহাল করে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মদদে এসব করে পুলিশ।

তবে বাগমারা থানার ওসি আবদুল হামিদ ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করেন।

রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির স্বীকার করেন, অনুমতি ছাড়াই পুলিশ গুলি চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জি এম মাহবুবকে সাময়িক বরখাস্ত ও ক্যাম্পের সব পুলিশ সদস্যদের পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কিন্তু এসআই মাহবুব দাবি করেন, ঘটনার সময় তিনি ক্যাম্পে ছিলেন না। মামলা তদন্তের কাজে বাইরে ছিলেন।

ঘটনার সময় ক্যাম্পে উপস্থিত ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা তাঁদের ওপর হামলা চালান। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়।

এদিকে ব্যবসায়ীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদে স্থানীয় লোকজন তাহেরপুর পৌরসভা এলাকায় আজ শুক্রবার তিন দিনের হরতালের ডাক দিয়েছে। গতকাল বিকেলে তাহেরপুরে হরিতলায় তাৎক্ষণিক এক সমাবেশে এলাকাবাসীর পক্ষে এ ঘোষণা দেন স্থানীয় বাসিন্দা এস এম আরিফ।