চাঁদাবাজির প্রতিবাদে ইজিবাইকচালকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরে প্রবেশে ইজিবাইকের প্রতি চালকের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা চাঁদাবাজির প্রতিবাদে গতকাল রোববার সড়ক অবরোধ করেন চালকেরা।
কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরে তীব্র যানজটের কারণে পৌরসভা ও পুলিশ প্রশাসন দিনের বেলায় ভারী যানবাহনসহ ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে এবং প্রতিদিন মাইক দিয়ে এ-সংক্রান্ত প্রচারণা অব্যাহত রাখা হয়। কিন্তু পৌরসভার অসাধু কিছু কর্মচারী চাঁদার বিনিময়ে ভারী যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছেন। এ কারণে তাঁরা শহরের দিনাজপুর মোড়ে ইজিবাইক নিয়ে অবস্থান করে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে সৈয়দপুর ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক (টিআই) নাহিদ পারভেজের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ইজিবাইকের চালকেরা তাঁদের অবরোধ তুলে নেন।
ইজিবাইকের চালক সাজু (২২), শুভ (২৫), আজিজার (৩৬) ও দুলাল (৫৬) বলেন, পৌর কর্মচারীদের চাঁদাবাজি বন্ধ না হলে দিনাজপুর মোড় থেকে মিস্ত্রিপাড়া মোড় হয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত তাঁরা আর ইজিবাইক চালাবেন না। এতে অচলাবস্থার সৃষ্টি হলে পৌরসভাকেই এর দায়ভার বহন করতে হবে।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ বলেন, পৌর কর্মচারীরা চাঁদাবাজি করছেন না। এটা ইজিবাইকের চালকদের মনগড়া কথা।
এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’