চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে ওষুধ সরবরাহ বন্ধ
চাঁদাবাজির প্রতিবাদে বিভিন্ন ওষুধ কোম্পানি খাগড়াছড়ি জেলায় গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। খাগড়াছড়িতে ওষুধ কোম্পানিগুলোর প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’র নেতারা এর সত্যতা নিশ্চিত করেছেন। ফারিয়ার নেতারা অভিযোগ করেন, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে ওষুধ সরবরাহের সময় গাড়ি আটকে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নানা হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মারধরও করা হচ্ছে। ফারিয়ার সভাপতি বেলায়েত হোসেন জানান, ২৯ জুলাই খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের ১৮ মাইল নামক স্থানে দুটি কোম্পানির গাড়ি আটকে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় গাড়ি থেকে তিন লাখ টাকার ওষুধ নামিয়ে রাখা হয়। তিনি এই চাঁদাবাজির জন্য পাহাড়ের আঞ্চলিক দলগুলোকে দায়ী করেছেন। এ ব্যাপারে তাঁরা প্রশাসন বা পুলিশ কারও সঙ্গে যোগাযোগ করেননি। খাগড়াছড়ি ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রূপন কান্তি বড়ুয়া জানান, কোম্পানিগুলো সরবরাহ বন্ধ করলে ব্যবসায়ীদের চট্টগ্রাম থেকে ওষুধ আনতে হবে। এ ক্ষেত্রে ওষুধের দাম অনেক বেড়ে যাবে।