চাঁদাবাজির প্রতিবাদে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকা-পাটুরিয়া সড়কে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ঢাকাগামী স্থানীয় যাত্রীবাহী বাস চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল। গতকাল দুপুর ১২টা থেকে চার ঘণ্টা এ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে বাস চলাচল শুরু হলেও চাঁদাবাজি না থামলে আবার তা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পরিবহন নেতারা।
মানিকগঞ্জ বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাটের বাস টার্মিনাল ইজারা নেন স্থানীয় শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রহিম খানের ভাগিনা আলাল উদ্দিন। ইজারার শর্ত অনুযায়ী প্রতিটি বাস থেকে ১৫ টাকা করে ইজারার টোল আদায় করার কথা। কিন্তু তা মানা হচ্ছে না। ইজারাদার আলাল ও তাঁর লোকজন প্রতিটি যাত্রীবাহী বাস থেকে নির্ধারিত ইজারা টোল ১৫ টাকার পরিবর্তে ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করছেন।
তবে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে ইজারাদার আলাল উদ্দিন বলেন, কোনো বাস থেকেই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। বাস টার্মিনালটি দখল করে নিজেরাই চাঁদাবাজির জন্য ক্ষমতাসীন দলের পরিবহন সেক্টরের লোকজন এসব বানোয়াট অভিযোগ তুলেছেন।
এদিকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি বাবুল সরকার বলেন, ইজারাদারের চাঁদাবাজির অভিযোগে গতকাল দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সড়কে পদ্মা লাইন, যাত্রীসেবা ও নবীনবরণ পরিবহনের প্রায় দেড় শ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত আবার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে চাঁদাবাজি বন্ধ না হলে শিগগিরই সড়কটিতে আবার বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
পাটুরিয়া নৌ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোক্তাদির হোসেন চার ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার কথা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।