চাঁদাবাজির প্রতিবাদে জেলে সম্প্রদায়ের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগত সন্ত্রাসীদের চাঁদাবাজি ও জবরদখলে অতিষ্ঠ হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া গ্রামে আধা ঘণ্টা সড়ক অবরোধ করেছেন মৎস্যজীবী সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ। দৌলতপুর-শাহাপুর সড়কে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এ অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা।কয়েকজন এলাকাবাসী ও জেলে জানান, বেশ কিছুদিন ধরে খুলনার দৌলতপুর এলাকার এক সন্ত্রাসী ও তাঁর সহযোগীরা শলুয়া গ্রামের জেলে সম্প্রদায়ের মাছের ঘের ও জলাশয় জবরদখল করে তাঁদের চাঁদা দিতে বাধ্য করছে। গতকাল সকালে শলুয়া এলাকায় ওই সন্ত্রাসীরা জেলেদের নিয়ন্ত্রিত একটি জলাশয় দখলের ঘোষণা দেয়। এ ঘটনায় জেলে সম্প্রদায়ের লোকজন বেলা সাড়ে ১১টায় দৌলতপুর-শাহাপুর সড়কের শলুয়া মোড়ে বসে পড়েন। এ সময় শলুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আদিত্য বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন রবীন্দ্রনাথ বিশ্বাস, অমল বিশ্বাস, রবীন্দ্রনাথ মিস্ত্রি, শিবপদ বিশ্বাস, শংকর বিশ্বাস প্রমুখ। খবর পেয়ে ডুমুরিয়া থানার উপপরিদর্শক নজরুল ইসলাম খান ঘটনাস্থলে গিয়ে সহায়তার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

শলুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক অমল বিশ্বাস বলেন, ‘সন্ত্রাসীর প্রতিনিয়ত আমাদেরকে কারণে অকারণে ডেকে নিয়ে চাঁদা দিতে বাধ্য করে। আর চাঁদা না দিলে জলাশয় দখল করে নেয়।’

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, অনেক দিন ধরে একটি বিশেষ গোষ্ঠী জেলেদের ওপর নির্যাতন করছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।