চাঁদাবাজির প্রতিবাদে দুটি সড়কে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিরামপুর-মানিকগঞ্জ-ঢাকা ও হরিরামপুর-সিঙ্গাইর-গাবতলী সড়কে গতকাল রোববার সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে বাসমালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরিরামপুর-মানিকগঞ্জ-গাবতলী সড়কে ভিলেজ লাইন পরিবহনের ৪৫টি এবং হরিরামপুর-সিঙ্গাইর-গাবতলী সড়কে শুকতারা পরিবহনের ৩৫টি বাস চলাচল করে। দীর্ঘদিন ধরে তাঁদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে তাঁরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। একাধিক সূত্রে জানা যায়, স্থানীয় দুটি পক্ষের লোকজনের মধ্যে চাঁদা উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। একটি পক্ষে রয়েছেন লিপু হোসেন ও আলাল উদ্দিন এবং অপরপক্ষে খয়েজ উদ্দিন ও সাফায়েত হোসেন। এক সপ্তাহ ধরে খয়েজ উদ্দিন ও সাফায়েত হোসেন প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করছেন। এর আগে আদায় করতেন লিপু ও আলাল।জানতে চাইলে খয়েজ উদ্দিন দাবি করেন, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন থেকে তাঁকে টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। টার্মিনাল ব্যবস্থাপনা ও শ্রমিকদের কল্যাণে এই টাকা উত্তোলন করা হয়।মানিকগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন বলেন, কোনো পক্ষের দ্বন্দ্বের জন্য নয়, চাঁদাবাজির কারণে সড়ক দুটিতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। চাঁদাবাজি বন্ধ হলেই বাস চলাচল শুরু করা হবে। এ ব্যাপারে কথা বলতে লিপু হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।