চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-বারদী-গজারিয়া ও দাউদকান্দি সড়কে এক সপ্তাহ ধরে পরিবহন ধর্মঘট চলছে। যাত্রীবাহী বাসের মালিক ও শ্রমিকেরা এ কর্মসূচি পালন করছেন। ফলে ওই দুই সড়কের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।
ওই দুই রুটে চাঁদাবাজির ঘটনায় বাসমালিক ও শ্রমিকেরা গত সোমবার জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ঢাকা-বারদী সড়কে চলাচলকারী শিমলা পরিবহনের চালক শফিকুল ইসলাম অভিযোগ করেন, দুই মাস ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। স্থানীয় ১৫-২০ জন প্রতি বাস থেকে প্রতিদিন ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত দুই মাসে সন্ত্রাসীরা ১৮ জন চালক ও ১১ জন চালকের সহকারীকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
ঢাকা-গজারিয়া-দাউদকান্দি-বারদী পরিবহন মালিক সমিতির সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, কাঁচপুর এলাকায় বেপরোয়া চাঁদাবাজির কারণে তাঁরা বাধ্য হয়েই পরিবহন ধর্মঘটের পথ বেছে নিয়েছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তাঁদের গ্রেপ্তার করছে না পুলিশ। প্রশাসন চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে এ দুটি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মেদ বলেন, ‘মহাসড়কে বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ঈদ সামনে রেখে বিভিন্ন পরিবহনে চাঁদাবািজর অভিযোগ পাওয়ার পর সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।