চাঁদাবাজির প্রতিবাদে ধর্মঘট পালন
বগুড়ায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার শহরের বউবাজার (নাটাইপাড়া) এলাকার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শতাধিক ব্যবসায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। পরে তাঁরা চাঁদাবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা বন্ধের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এদিকে ব্যবসায়ীরা ধর্মঘট কর্মসূচি ঘোষণার খবর পেয়ে পুলিশ গত সোমবার রাতেই বউবাজার এলাকায় চাঁদাবাজি চক্রের অন্যতম সদস্য আবদুস ছালামকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার দাবি করেন, আবদুস ছালাম মাদকসেবী। নেশার টাকা জোগাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে বউবাজার এলাকার দোকানপাট থেকে চাঁদা তুলতেন। গ্রেপ্তারের পর গতকাল বিকেলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। ছালাম নাটাইপাড়া দক্ষিণপাড়ার বাসিন্দা।
পুলিশ সুপারের কাছে দাখিল করা অভিযোগ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুস ছালাম সাঙ্গপাঙ্গদের নিয়ে দীর্ঘদিন ধরে নাটাইপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
নাটাইপাড়া-বউবাজার দোকান মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, ছালাম বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেও কোনো কাজ হয়নি। উল্টো ওই বাহিনীর চাঁদাবাজি ও অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সংগঠনের নেতা আবদুল খালেক বলেন, ধর্মঘটের ডাক দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাইকিং শুরু হলে সোমবার রাত আটটার দিকে ছালামকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তাঁর সাঙ্গপাঙ্গরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।