চাঁদাবাজির প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক নেতাদের বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে সরাইল-অরুয়াইল সড়কে গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখেন উপজেলার উত্তরাঞ্চলের পরিবহন শ্রমিকেরা।এতে সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়ে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিপেটা ও দুই শ্রমিককে আটক করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কিছুক্ষণ পর আটক দুই শ্রমিককে ছেড়ে দেয়। পুলিশের আঘাতে আহত শ্রমিক আক্কাছ আলীকে (৩০) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, সরাইল উপজেলা সদরের প্রাতঃবাজার অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিক সংগঠনের কজন নেতা দীর্ঘদিন ধরে উপজেলার অরুয়াইল, কালীকচ্ছ, চুন্টা ও পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকার চালকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছেন। চাঁদার টাকা না দিলে তাঁরা উত্তরাঞ্চলের চালকদের লাঞ্ছিত করেন। শ্রমিক আবদুর রাশেদ বলেন, ‘সরাইল অটোরিকশা স্ট্যান্ডের নেতা মিছির আলী, হানিফ ও তবারক মিয়া অটোরিকশার মালিক ও চালকদের কাছ থেকে এই চাঁদা আদায় করছেন। তাঁরা শ্রমিক ফান্ডের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শ্রমিকেরা টাকার হিসাব চাইতে গেলে তাঁরা মারধর করেন। চাঁদা না দেওয়ায় গত সোমবার তাঁরা উত্তরাঞ্চলের এক চালকের অটোরিকশা আটকে রাখেন। এসব ঘটনা আমরা জেলা মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের অবগত করেছি। জেলার নেতাদের সিদ্ধান্ত তাঁরা অমান্য করছেন। তাই শ্রমিকেরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন।’এদিকে সরাইল প্রাতঃবাজার অটোরিকশা শ্রমিক সংগঠনের সভাপতি মিছির আলী ও সাধারণ সম্পাদক হানিফ মিয়া বলেন, তাঁদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চালক ও মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, তা আবার শ্রমিক কল্যাণে ব্যয় করা হয়। স্ট্যান্ডের উন্নয়নকাজ হচ্ছে। শ্রমিকনেতা আবদুর রাশেদ আলাদা সংগঠন করতে চান। তাই তিনি কিছু শ্রমিককে উসকানি দিয়ে এই নৈরাজ্যের সৃষ্টি করেছেন। তাঁর বিচার হওয়া উচিত। পুলিশের কাছ থেকে আক্কাছ ও শাহ আলম নামে দুই শ্রমিককে ছাড়িয়ে আনা হয়েছে।সরাইল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুলিশ দেখেই এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নেয়। কোনো শ্রমিককে মারধর করা হয়নি। আলোচনার মাধ্যমে দুই পক্ষকে বিষয়টি নিষ্পত্তি করতে বলে এসেছি।’