চাঁদাবাজির প্রতিবাদে শেরপুর থেকে যান চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কসহ দূরপাল্লার রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। হঠাৎ দূরপাল্লার রুটে বাস কোচ চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে।
পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাস কোচ থেকে ময়মনসিংহের মালিক-শ্রমিক ইউনিয়নের কতিপয় নেতা-কর্মী চাঁদাবাজি করছেন। গত বুধবার শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসের শ্রমিকেরা ময়মনসিংহের মালিক-শ্রমিকদের চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা শেরপুরের মালিকদের বাস কোচ থেকে যাত্রী নামিয়ে দেন। চালক ও চালকের সহকারীকে মারধর করেন। এ ঘটনা ও চাঁদাবাজির প্রতিবাদে গতকাল পরিবহনসংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে শেরপুর বাস কোচ মালিক সমিতি এই অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে।
শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চাঁদাবাজির প্রতিবাদ ও বন্ধের দাবিতে তাঁরা শেরপুর থেকে সব পথে অনির্দিষ্টকালের জন্য বাস কোচ চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ময়মনসিংহ জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার।