চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ
পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) চালক ও মালিকেরা গতকাল বুধবার সাভারের তেঁতুলঝোড়া এলাকায় হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এক ঘণ্টা পর জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন তাঁরা।
অটোরিকশার চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে প্রায় এক হাজার অটোরিকশা চলাচল করে। সাভার মডেল থানার পুলিশ প্রায় প্রতিদিনই ওই সড়কের শহীদ-রফিক সেতুর টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে এসব অটোরিকশা থামিয়ে বিভিন্ন অজুহাতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এ ছাড়া গ্যাসের জন্য নির্দিষ্ট সময়ে মহাসড়কে উঠলেও পুলিশ তাঁদের অটোরিকশা আটকে জরিমানা ও রেকারের বিলের নামে টাকা আদায় করে থাকে।
চালক ও মালিকেরা বলেন, গতকাল বেলা ১১টার দিকে হেমায়েতপুর থেকে সিঙ্গাইর যাওয়ার পথে পুলিশ টোলপ্লাজার সামনে একটি অটোরিকশা আটক করে। ডিজিটাল নম্বরপ্লেট না থাকার অজুহাতে অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ছেড়ে দেওয়ার বিনিময়ে চালক তৌহিদুর রহমানের কাছে টাকা দাবি করে। দর-কষাকষির পর তৌহিদুর ৩০০ টাকা দিলে তাঁর অটোরিকশাটি ছেড়ে দেয় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে দুই শতাধিক অটোরিকশাচালক ও মালিক টোলপ্লাজা এলাকায় জড়ো হন। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সেখান থেকে চলে যায়। পরে চাঁদাবাজির প্রতিবাদে তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ চালক ও মালিকেরা এ সময় পুলিশের হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
একপর্যায়ে বিক্ষোভস্থলে আটকা পড়েন সিঙ্গাইর উপজেলার ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং সিঙ্গাইর থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হালিম। তাঁরা সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের সঙ্গে কথা বলে পুলিশের হয়রানি ও চাঁদা বন্ধের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
আবু বক্কর সিদ্দিক বলেন, গতকাল সকালে টোলপ্লাজার সামনে তিনি অটোরিকশাচালকদের অবরোধের মুখে পড়েন। অবরোধের কারণ জানতে চাইলে অটোরিকশার চালক ও মালিকেরা তাঁর কাছে পুলিশের চাঁদাবাজির অভিযোগ করেন। এরপর ওসি কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করেন। ওসি তাঁর কাছে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিলে তিনি অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।
এ ব্যাপারে ওসি কামরুজ্জামান বলেন, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ তিনি পাননি। আর অবরোধের বিষয়ে কিছু জানেন না। এ ছাড়া তাঁর সঙ্গে এ বিষয়ে কারও কথাও হয়নি বলে তিনি দাবি করেন।