চাঁদাবাজির বিচার চাওয়ায় আ.লীগের তিন নেতা-কর্মীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতার চাঁদাবাজির বিচার চাওয়ার জের ধরে আওয়ামী লীগের নেতা-কর্মী তিন ভাইয়ের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাতের ওই হামলায় আহত তিন ভাই হলেন: কাপাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কর্মী আজমল হোসেন সরকার, তাঁর বড় ভাই একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন সরকার ও লোকমান হোসেন সরকার। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, একটি ওষুধ কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি শ্রীপুরের গোসিঙ্গা গ্রামের মাজহারুল ইসলাম কাপাসিয়া বাজার এলাকায় কাপাসিয়া কলেজ শাখার বহিষ্কৃত ছাত্রলীগের নেতা (ভিপি) জাহাঙ্গীর হোসেন প্রধানের বাসার পাশে ভাড়া থাকেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জাহাঙ্গীর। চাঁদা না দেওয়ায় জোর করে তাঁর কাছ থেকে একটি চেকে এক লাখ টাকা লিখিয়ে নেন এবং আরও একটি ফাঁকা চেক নিয়ে যান জাহাঙ্গীর। মাজহারুল ঘটনাটি তাঁর নিকটাত্মীয় আজমলের কাছে জানান। আজমল ঘটনাটি দলীয় লোকজনকে জানিয়ে বিচার চান। এতে ক্ষুব্ধ হন জাহাঙ্গীর।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাহাঙ্গীর, তাঁর ভাতিজা খায়রুল ইসলামসহ কয়েকজনকে নিয়ে রোববার রাত পৌনে আটটার দিকে কাপাসিয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আজমলের ওপর হামলা চালান। এতে আজমলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আজমল তাঁর ভাইদের নিয়ে কাপাসিয়া থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলোয়ার হোসেনের কাছে মৌখিক অভিযোগ দিয়ে ফিরছিলেন। পথে কাপাসিয়া বাজারের ভূঁইয়া মার্কেটের সামনে পৌঁছলে রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীর ও তাঁদের লোকজন লাঠিসোঁটা, রড দিয়ে আবারও হামলা চালায়। এতে আজমল ও তাঁর দুই ভাই আহত হন।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি।