চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ কয়েকজনের বিরুদ্ধে নগরের চান্দগাঁও ও অক্সিজেন এলাকায় চাঁদাবাজি এবং জমি দখলের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। মানববন্ধনের পর প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা সাবেক ওয়ার্ড কাউন্সিলর কফিলউদ্দিন খান, এলাকার যুবক দিদারুল ইসলাম, ফিরোজুল ইসলাম ও মনসুর আলমের বিরুদ্ধে চাঁদাবাজি এবং জমি দখলের অভিযোগ করেন। চট্টগ্রামের একজন সাংসদের প্রশ্রয়ে তাঁরা এলাকায় অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুন ও জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হত্যার আসামিদের সঙ্গে এসব ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রশাসনের নাকের ডগায় নগরের চান্দগাঁও ও অক্সিজেন এলাকায় চাঁদাবাজি এবং জমি দখল করছেন তাঁরা। একজন সাংসদের মদদে ওই সব ব্যক্তি বেপরোয়া হয়ে উঠেছেন। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কফিলউদ্দিন, দিদারসহ যাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখা হবে।