চাঁদাবাজির মামলায় কারাবন্দী মিজানুরের জামিন নামঞ্জুর

পুলিশের নির্যাতনের শিকার কারাবন্দী পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর প্রতিনিধি মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় জামিন আবেদন আজ বুধবার নামঞ্জুর করেছেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার। এর আগে এই মামলায় নিম্ন আদালত থেকে মিজানুরের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেওয়া হয়েছিল।
এ ছাড়াও পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদনের ওপর শুনানির তারিখ এগিয়ে আনার আনার আবেদনটিও নামঞ্জুর করেছেন আদালত।
গত বছরের ১৭ ডিসেম্বর বাউফলের চন্দ্রদ্বীপ এলাকার আলম সিকদার মিজানুরের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে পটুয়াখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি-২ আদালতে ওই মামলা করেছিলেন। আলম চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আদালত অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন দিতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী গত ১৪ মার্চ পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
৩০ মার্চ পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক ফাইজুর রহমান সেই প্রতিবেদন পর্যালোচনা করে মিজানুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে এ মামলার পরবর্তী শুনানির তারিখ ২৮ এপ্রিল নির্ধারণ করেন। ৩১ মার্চ একই আদালতে তাঁর জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে গত ৬ এপ্রিল পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মিজানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করে মিস কেস হয়।
মিজানুরের আইনজীবী লুৎফর রহমান জানান, গত ১৪ ডিসেম্বর প্রথম আলো’তে ‘তিন হাজার একর খাসজমি আ. লীগ নেতাদের দখলে? ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে আওয়ামী লীগের স্থানীয় নেতারা ক্ষুব্ধ হন। এরপর চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সিকদার চাঁদাবাজির অভিযোগে মিথ্যা মামলা করেন। মিজানকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।
এদিকে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের আদালতের মাধ্যমে মিজানুরকে পাঠানো হয় কারাগারে। ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে।
বিচার বিভাগীয় তদন্ত দাবি
মিজানুরের বাবা আবদুস সালাম তাঁর ছেলের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই নির্যাতনের ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একাধিকবার সরেজমিন উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই থানা-পুলিশ তাঁদের সোর্স ও ক্ষমতাসীন দলের কতিপয় নেতা যারা পুলিশের দালাল হিসেবে চিহ্নিত তারা স্থানীয়দের ভয় দেখায়। ফলে পুলিশের শেখানো বুলি স্থানীয় লোকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করছে। এ কারণে পুলিশের তদন্ত নিরপেক্ষ হবে কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে তাঁর।
আরও পড়ুন: