চাঁদাবাজির মামলায় কিরিচ বাবুল ও তাঁর ছেলের বিচার শুরু
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ২১ মামলার আসামি দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুল ও তাঁর ছেলে মো. নিয়াজের বিরুদ্ধে চাঁদা দাবির একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার প্রথম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোকসেদুর রহমানের আদালতে শুনানি শেষে এ অভিযোগ গঠন করা হয়।
বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান জানান, আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেন। মামলায় মোট আটজন সাক্ষী রয়েছেন। আগামী ধার্য তারিখে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
আসামিপক্ষের আইনজীবী এনামুল হক জানান, চাঁদা দাবি না করলেও আসামিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। তাই মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। কিন্তু শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর নগরের বাকলিয়া মাস্টারপুল এলাকায় আবু মো. আরিফ নামে এক যুবকের কাছে বাড়ি নির্মাণকালে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে কিরিচ বাবুল ও তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বাকলিয়া থানায় ওই দিনই মামলা হয়।