চাঁদাবাজির মামলার পর মোজাম্মেলকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি ১৩ সেপ্টেম্বর

এবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে কাফরুল থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন। মামলাটি গত ফেব্রুয়ারি মাসে কাফরুল থানায় করা হয়।
মোজাম্মেল চৌধুরীর আইনজীবী জায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলার পর মোজাম্মেলকে কাফরুল থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। পুলিশ আজ মোজাম্মেলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজিরও করে। আদালত ১৩ সেপ্টেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেদিন মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।
জায়েদুর রহমান আরও বলেন, গ্রেপ্তার দেখানোর ব্যাপারে আজ মোজাম্মেল হক চৌধুরী আদালতে বলেছেন, তিনি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। যাত্রীদের অধিকার আদায়ের ব্যাপারে কাজ করে আসছেন। তিনি যাতে সংগঠনের হয়ে কাজ না করতে পারেন, সে জন্য আগে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এর আগে গত শনিবার মোজাম্মেলকে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। সেখানে মোজাম্মেলকে পেশাদার চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা হয়। আদালত অবশ্য এ মামলায় মোজাম্মেলকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে সেদিন তাঁকে কারাগারে পাঠান।
মোজাম্মেলের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সেদিন আদালতকে বলেন, মামলার বাদীই গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, আসামিকে তিনি চেনেন না। তাহলে মোজাম্মেলের বিরুদ্ধে মামলা করল কে? এটা সাজানো মামলা।
কথিত চাঁদাবাজির মামলায় গত বুধবার রাতে মোজাম্মেলকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার চাঁদাবাজির এ মামলা করেন কথিত মিরপুর রোড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল। তবে দুলাল গণমাধ্যমকে বলেন, তিনি নেতা নন, কোনো পদ-পদবিও তাঁর নেই। তিনি ঢাকা চিড়িয়াখানা পরিবহনের লাইনম্যান। দুলাল আরও বলেন, নতুন পরিবহন কোম্পানি খোলার কথা বলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মিরপুর শাখার সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তাঁর স্বাক্ষর নেন। পরে তিনি জানতে পারেন সেই স্বাক্ষরে মামলা করার কথা।
অথচ কথিত দুলালের মামলায় বলা হয়, মোজাম্মেল ১০ থেকে ১৫ দিন ধরে নিজেকে সড়ক পরিবহনের নেতা দাবি করে মিরপুর রোড শ্রমিকের কাছে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁদের সংগঠনের নামে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করার হুমকি দেন। দুলাল মামলায় আরও দাবি করেন, গত সোমবার বিকেলে মিরপুরের সনি সিনেমা হলের সামনে মোজাম্মেলের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় মোজাম্মেল তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা চান। ভয়ে তিনি মোজাম্মেলকে ১০ হাজার টাকা চাঁদা দিয়ে দেন।
যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা, বাড়তি বাসভাড়াসহ পরিবহন খাতের নানা অসংগতি নিয়ে কয়েক বছর ধরেই নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। গত দুই ঈদের পরেই দুর্ঘটনায় হতাহত ব্যক্তির সংখ্যা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিল যাত্রী কল্যাণ সমিতি। পরে গত ১০ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদের প্রশ্নোত্তর পর্বে যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা প্রতিবেদনকে ভুয়া বলে মন্তব্য করেন।
মোজাম্মেলকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদনে পুলিশ দাবি করে, মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামি মোজাম্মেল যাত্রী কল্যাণ সমিতির নাম বলে বিভিন্ন পরিবহনের মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির লোকজনের কাছে বিভিন্ন সময় চাঁদা চেয়েছেন এবং তা নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকে একজন পেশাদার চাঁদাবাজ বলে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনে পুলিশ কর্মকর্তা আরও দাবি করেন, মোজাম্মেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁর সহযোগী চাঁদাবাজদের নাম-ঠিকানা জানা যাবে। বাদীর কাছ থেকে নেওয়া চাঁদাসহ মালিক সমিতির কাছ থেকে নেওয়া চাঁদার টাকা জব্দ করা সম্ভব হবে।
তবে শুনানির সময় মোজাম্মেলের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আদালতকে বলেন, কথিত বাদী (দুলাল) মোজাম্মেলকে চেনেন না বলে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। ওই বাদী বলেছেন, মামলা করিয়েছেন দুই পরিবহন শ্রমিকনেতা। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে জমা দেন জ্যোতির্ময় বড়ুয়া।
মোজাম্মেল হক চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে সেফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স (স্রোতা)। স্রোতার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক নিরাপত্তা ও যাত্রী কল্যাণ নিয়ে কাজ করায় দুষ্কৃতকারীরা মোজাম্মেলের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়েছে। স্রোতার আহ্বায়ক হোসেন জিল্লুর রহমান বলেন, যারা সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করেন, মোজাম্মেল হক চৌধুরীর গ্রেপ্তার তাঁদের মনোবল ভেঙে দেবে।