চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতাসহ নয়জনের কারাদণ্ড
নীলফামারীতে চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের নেতাসহ নয়জনের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রশীদ মিয়া এই রায় ঘোষণা করেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের আবদুল মান্নান শাহ (৬০), সুমন শাহ (৩৫), মিলন শাহ (৩০), সাইদুর রহমান শাহ (৬৫), তহমিদুর রহমান শাহ (৩৫), তহিদুর রহমান শাহ (৩২); কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মিস্ত্রি মকবুল হোসেন (৫৫), মাজেদুল ইসলাম (৪০) ও ছোট বাউ (২২)। তাঁদের মধ্যে তহিদুর রহমান শাহ পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর গ্রামের আবদুল কাদের শাহের একটি টিনশেডের গুদামঘর দখল করে রাখেন অভিযুক্ত ব্যক্তিরা। মামলার বাদী আবদুল কাদের শাহ গুদামের দখল ছেড়ে দেওয়ার দাবি করলে ২০০৭ সালের ১৪ নভেম্বর আসামিরা তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় পরদিন সকালে ঘরের টিন, কাঠ, খুঁটিসহ ৬০ হাজার টাকার মালামাল খুলে নিয়ে যায় আসামিরা।