চাঁদাবাজির মামলায় আদালতে নূর হোসেন
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গতকাল সোমবার একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান জানান, সাত খুনের দুটি মামলাসহ এখন পর্যন্ত মোট ১৩টি মামলায় নূর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ২৫ মে আদমজী ইপিজেডের একটি প্যাকেজ কারখানার মালিক আকরাম হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলাও রয়েছে। নূর হোসেন ও তাঁর সহযোগীরা ওই চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু ভয়ে ওই সময় আকরাম মামলা করেননি। সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারত পালিয়ে যান। এরপর আকরাম হোসেন ২০১৪ সালের ২৭ মে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নূর হোসেনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয়। এ সময় ওই চাঁদাবাজির মামলায় তাঁকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাঈদুজ্জামান শরীফের আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।