চাঁদাবাজির মামলায় গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও জেলা বিএনপির নেতা মাহবুব আলী সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।গত বুধবার সন্ধ্যায় জেলা শহরের মান্দারতলায় মাহবুবের কার্যালয় থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।মামলার বাদী ধান ব্যবসায়ী ইলিয়াস হোসেন অভিযোগ করেন, ১৯ অক্টোবর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরসংলগ্ন বেদগ্রাম পেট্রলপাম্পের কাছে ইলিয়াস ট্রাকের ওপর ধানের বস্তা তোলায় তদারকি করছিলেন। এ সময় কাউন্সিলর মাহবুব আলীসহ সাত-আটজন লোক তাঁকে ঘিরে ফেলেন। তাঁরা ইলিয়াসকে গালাগাল ও মারধর করেন। একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তাঁরা ইলিয়াসের কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং বাকি ৯০ হাজার টাকা ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য হুমকি দিয়ে চলে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পুলিশ মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে।চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মাহবুব আলী দাবি করেন, চলমান সরকারবিরোধী আন্দোলন দমন করতে তাঁকে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। এটা সাজানো মামলা।