চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আলতাফ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন চাঁদাবাজির আরেক মামলায় বেকসুর খালাস পেয়েছেন। গত সোমবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ওই রায় দেন।
আলতাফ হোসেনসহ ছয়জনকে আসামি করে ২০০৭ সালের ২২ জুলাই চাঁদাবাজির ওই মামলাটি করেছিলেন বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছিল।
অন্য আসামিরা হলেন বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামের মন্তাজ আলী, রবিউল ইসলাম, নূর মোহাম্মদ, আবু সায়েম হোসেন ও মোবারক আলী। এর মধ্যে মোবারক আলী তিন বছর আগে মারা গেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলা দায়েরের নয় বছর পর আবদুর রাজ্জাক মঙ্গলবার আদালতে হাজির হন। এ সময় আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে রায় দেন। রায়ে আদালত বলেন, ‘মামলায় অসত্য এজাহার করায় চার্জ সংশোধন করা হলো এবং বাদী নিজের ভুল বুঝতে পেরে আপস করায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো।’
আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করেন, রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হাবিবুল হক ও শিরিন আখতার। বাদীপক্ষে ছিলেন আদালতের পিপি আখতারুজ্জামান।
এর আগে গত ২৪ জুলাই একই আদালত চাঁদাবাজির অপর মামলায় আলতাফ হোসেনসহ তিন সাংবাদিককে বেকসুর খালাস দিয়ে মিথ্যা মামলা করার দায়ে মামলার বাদী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডলকে ক্ষতিপূরণ হিসেবে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।