চাঁদাবাজির একটি মামলায় রংপুরের বদরগঞ্জে প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেনসহ তিন সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন। একই সঙ্গে আদালত মামলার বাদীকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
মামলা দায়েরের ৮ বছর ১০ মাসের মাথায় গত রোববার এ রায় হলো। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। আদালতের নির্দেশে পরদিন সোমবার মামলার বাদী আবদুর রউফ মণ্ডল জরিমানার তিন হাজার টাকা আদালতে জমা দেন। বিচারক তাৎক্ষণিকভাবে ওই টাকা ক্ষতিপূরণ হিসেবে তিন সাংবাদিককে দেন।
আলতাফ হোসেন, ইত্তেফাক-এর প্রতিনিধি আবদুর রউফ সরকার ও যুগান্তর-এর প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় ওই মামলা করেন উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল। এতে তিনি অভিযোগ করেন, বদরগঞ্জ পশুমেলা বন্ধ করার হুমকি দিয়ে ওই তিন সাংবাদিক পরস্পরের যোগসাজশে ২০০৭ সালের ৪ জানুয়ারি তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে ২০ হাজার টাকা দেন। বাকি টাকা না দেওয়ায় ওই সাংবাদিকেরা তাঁকে হুমকি দেন।
আদালত সূত্রে জানা যায়, বদরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান ২০০৭ সালের ২৬ ডিসেম্বর তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই আট বছরে আদালত অনেকবার মামলার বাদী ও সাক্ষীদের হাজির হতে তলব করেছেন। তবে তাঁরা কেউই হাজির হয়ে সাক্ষ্য দেননি। সর্বশেষ গত রোববার মামলার বাদী আবদুর রউফ আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। এরপর বিচারক তিন সাংবাদিকের বক্তব্য জানতে চান। এ সময় প্রথম আলোর প্রতিনিধি ওই মিথ্যা মামলা দায়েরের কারণ ও প্রেক্ষাপট তুলে ধরে আদালতের কাছে প্রতিকার চান। আদালত এ সময় বলেন, ‘সত্য ও সঠিক সংবাদ পত্রিকায় তুলে ধরবেন; সঠিক পথে থাকবেন। ভয়ের কারণ নেই। আদালত আপনাদের পাশে আছে।’
এরপর আদালত রায়ে বলেন, ‘অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো এবং মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় বাদী আবদুর রউফ মণ্ডলকে ক্ষতিপূরণ হিসেবে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হলো।’
রায়ের প্রতিক্রিয়ায় মাসুদ রানা প্রথম আলোকে বলেন, মেলায় যাত্রাগানে অশ্লীলতার বিরুদ্ধে এবং সরকারি জায়গা অবৈধভাবে দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে প্রভাবশালীদের নির্দেশে ওই মিথ্যা মামলা হয়েছিল। দীর্ঘ সাড়ে আট বছর তাঁদের আদালতে নিয়মিত হাজিরা দিতে হয়েছে। এখন ন্যায়বিচার পেয়ে তিনি খুশি।
তিন সাংবাদিকের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন রংপুর জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুল হক, সিরাজ আহমেদ, শিরিন আখতার ও মাহমুদুল ইসলাম। বাদীর পক্ষে ছিলেন আদালতের অতিরিক্ত পিপি আখতারুজ্জামান।