চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের ৪ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের দায়ের করা চাঁদাবাজি ও ভাঙচুরের একটি মামলায় ছাত্রলীগের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার তাঁরা পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তাঁদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন, ফয়সাল মাহাবুব, মেজবাউদ্দিন, মামুন শিকদার ও মশিউর রহমান। ফয়সাল জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, মেজবাউদ্দিন ছাত্রলীগের নেতা ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, মামুন শিকদার ছাত্রলীগের নেতা ও ওই কলেজ ছাত্র সংসদের সাবেক অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, মশিউর রহমান কলেজ ছাত্রলীগের সদস্য। অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী বলেন, ‘২০১১ সালের ২০ সেপ্টেম্বর ফয়সাল মাহাবুবের নেতৃত্বে ৫০-৬০ জন অস্ত্রধারী যুবক আমার কক্ষে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ভেঙে দেওয়া কলেজ সংসদ পুনর্বহাল করার জন্য চাপ দেয় এবং আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা ছাত্র সংসদ পুনর্বহালের কাগজে ও কয়েকটি চেকে সই করিয়ে নেয় এবং আমার কক্ষের ক্ষতিসাধন করে। এ ঘটনায় আমি বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা দায়ের করি।’তবে গতকাল জেলা জজ আদালত চত্বরে এই প্রতিবেদকের সঙ্গে দেখা হলে ফয়সাল মাহাবুব বলেন, ‘অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় অধ্যক্ষ আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়েছেন। ১৩ সেপ্টেম্বর কলেজ ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর ১৯ সেপ্টেম্বর তিনি আবার তা পুনর্বহাল করেন। আমরা জোর করে কোনো কাগজ বা চেকে সই নিইনি। আমরা গত বছরের ৫ অক্টোবর উচ্চ আদালত থেকে চার মাসের জামিন নিয়েছিলাম।’