চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক কারাগারে
ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি জিয়াউল হাসান এবং যমুনা টেলিভিশনের প্রতিনিধি দুলাল সাহাকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
উচ্চ আদালতের ২৮ দিনের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল দুপুর ১২টায় ওই দুই সাংবাদিক ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝালকাঠি আদালত পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবীর বলেন, গত ৭ জুলাই ঝালকাঠির প্রথম শ্রেণির ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদারের বড় ভাই আমিনুল ইসলাম তালুকদার বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এক লাখ টাকা চাঁদার অভিযোগ এনে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে নালিশি মামলা করেন। আদালত ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমাকে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের প্রমাণ মেলার পর ২০ জুলাই দুই সাংবাদিকের নামে ঝালকাঠি থানায় মামলা লিপিবদ্ধ করেন শীলমণি চাকমা।
বাদীর আইনজীবী তরিকুল ইসলাম আকন বলেন, ঝালকাঠির ইসলাম ব্রাদার্সের মালিক মনিরুল ইসলাম তালুকদারের কাছে গত ২৩ জুন সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি জিয়াউল হাসান এবং যমুনা টেলিভিশনের প্রতিনিধি দুলাল সাহা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় বাদী ও বাদীর ভাইকে জড়িয়ে ২৫ জুন সমকাল-এ ‘ঝালকাঠিতে ব্রিজ নির্মাণের নামে চার কোটি টাকা লোপাট, ফাইল গায়েব’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। একই বক্তব্য দিয়ে যমুনা টেলিভিশনে ২৬ জুন আরেকটি সংবাদ প্রচার করা হয়।
মনিরুল ইসলাম তালুকদার বলেন, জিয়াউল হাসানের মূল পেশা মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা। আর দুলাল সাহা তাঁর সহযোগী হিসেবে কাজ করেন। অনৈতিক কাজে জড়িত থাকায় ঝালকাঠি প্রেসক্লাব থেকেও দুজনকেই বহিষ্কার হয়।
চাঁদাবাজির মামলা ছাড়াও মিথ্যা সংবাদ প্রকাশ করে এক কোটি টাকার মানহানি করার অভিযোগে ১৪ জুলাই মনিরুল ইসলাম তালুকদার বাদী হয়ে ঝালকাঠির যুগ্ম জেলা জজ আদালতে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে সাংবাদিকদের নামে সমন জারি করেন। এ ছাড়া দুই সাংবাদিক এবং সংশ্লিষ্ট পত্রিকা ও মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কারাগারে নেওয়ার আগে দুই সাংবাদিক বলেন, সংবাদ প্রকাশের জের ধরে মিথ্যা অভিযোগে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, চাঁদা দাবি এবং প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর নির্বাহী কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।