চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক প্রকৌশলীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে করা এক মামলায় পটুয়াখালীর দুজন সাংবাদিককে জেলে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির পটুয়াখালীর প্রতিনিধি সঞ্জয় কুমার দাস ওরফে লিটু এবং মাছরাঙা টিভির পটুয়াখালী প্রতিনিধি জলিলুর রহমান ওরফে জলিল।
দুজন সাংবাদিক গতকাল মঙ্গলবার জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক তপন রায় জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পটুয়াখালী সওজের উপসহকারী প্রকৌশলী মো. হাসান আল মামুন গত ২৫ এপ্রিল দুজন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২৪ এপ্রিল রাত নয়টার দিকে দুজন সাংবাদিক তাঁর (হাসান) সড়ক বিভাগের বাসায় জোর করে প্রবেশ করেন। এ সময় তাঁকে দুজন সাংবাদিক তাঁর স্ত্রী, ভাইসহ বাসায় থাকা অন্য লোকদের অকথ্য ভাষায় গালমন্দ করেন। তাঁরা হাসানের ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পুলিশ তদন্ত শেষে ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।