চাঁদাবাজির মামলায় নূর হোসেন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জে একটি চাঁদাবাজি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সকালে আদালতে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম।
চাঁদাবাজির এই মামলায় নূর হোসেনসহ আসামি চারজন। বাকি তিনজন হলেন নূর হোসেনের ভাই নূরুদ্দিন, ভাতিজা সিটি করপোরেশনের কাউন্সিলর শাহজালাল বাদল ও সহযোগী লোকমান হোসেন। নূরুদ্দিন ও লোকমান হোসেন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে আগামী ১১ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
শুনানিকালে নূর হোসেন ও তাঁর ভাতিজা শাহজালাল বাদল আদালতে উপস্থিত থাকলেও তাঁদের পক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কে এম ফজলুর রহমান বলেন, গত বছরের ১৫ মার্চ সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার সাইদুল ইসলামের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন নূর হোসেন ও তাঁর লোকজন। এ সময় আসামিরা তাঁকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেন। পরে নূর হোসেন ভারতে পালিয়ে যান। চলতি বছরের ২১ জুন এই ঘটনায় সাইদুল ইসলাম বাদী হয়ে নূর হোসেনসহ আটজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা করেন।
এপিপি আরও বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে নূর হোসেন ও তাঁর ভাই নূরুদ্দিন, ভাতিজা শাহজালাল ও সহযোগী লোকমান হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।