চাঁদাবাজির মামলায় যুবলীগের নেতা গ্রেপ্তার
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে জিনারদীর রাবান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আজাদের বাড়ি জিনারদীর দক্ষিণ পারুলিয়া গ্রামে। ২০১৪ সালের ১৮ জানুয়ারি ঘোড়াশাল ভাগদীর বদরুল ইসলাম অপহৃত হন। ঘটনার দিন বদরুল মোটরসাইকেলে করে নরসিংদী শহরে যাচ্ছিলেন। পারুলিয়ায় পাঁচ-ছয়জনকে নিয়ে বদরুলের মোটরসাইকেলের গতি রোধ করেন যুবলীগের নেতা আজাদ। পরে তাঁরা নরসিংদীর চিনিশপুর এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে বদরুলকে আটকে রাখেন। এরপর মুঠোফোনে বদরুলের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেন তাঁরা। কিন্তু বদরুলের পরিবার টাকা না দিয়ে পুলিশের সহযোগিতা নেয়। একপর্যায়ে পুলিশ ঘটনার দিনই বদরুলকে উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পরদিন বদরুল বাদী হয়ে পলাশ থানায় আজাদসহ সাতজনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। পরে আদালত ওই মামলায় সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আজাদকে কারাগারে পাঠানো হয়েছে।