চাঁদাবাজির মামলায় সাংবাদিক মিজানুরের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

পুলিশের নির্মম নির্যাতনের শিকার পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর প্রতিনিধি কারাবন্দী মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ক্ষমতাসীন দলের একজন নেতার করা চাঁদাবাজির ‘মিথ্যা মামলায়’ গতকাল বৃহস্পতিবার এই আবেদন নামঞ্জুর করা হয় বলে তাঁর আইনজীবী জানান।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) মিজানুরকে গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর মুক্তির আহ্বান জানিয়েছে।
পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের আদালতে গতকাল চাঁদাবাজির ওই মামলায় মিজানুরের জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
গত ৩০ মার্চ একই বিচারক ওই মামলায় মিজানুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৮ এপ্রিল ধার্য করা হয়েছে।
মিজানুরের আইনজীবী লুৎফর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে করা মামলাটি একটি ‘মিথ্যা মামলা’। সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে তাঁকে হয়রানি করতে গত ১৭ ডিসেম্বর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম সিকদার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি-২ আদালতে মামলাটি করেছিলেন।
ইতিমধ্যে প্রথম আলো পত্রিকায় গত বছরের ২৪ মে ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে ২৬ মে পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে আরেকটি মামলা করা হয়। এটি করেন বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার।
গত ১৭ মার্চ বাউফলের কালাইয়ার ল্যাংড়া মুন্সির পোল এলাকায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হালিম খানকে দিয়ে মিজানুরের বিরুদ্ধে মারধর এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগে সাজানো মামলা করে পুলিশ। রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে রাতভর নির্যাতন করে পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত ২২ মার্চ জেলার দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে মিজানুরের জামিন আবেদনের ওপর শুনানি হয়। তবে আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন। পরে তাঁর চিকিৎসার আবেদন করা হলে জেল সুপারকে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার আদেশ দেওয়া হয়।
সিপিজের উদ্বেগ: মিজানুর রহমানকে মুক্তি দিতে এবং পুলিশি হেফাজতে তাঁর ওপর নির্যাতন চালানোর অভিযোগ তদন্ত করতে গত বুধবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিজে। তাঁকে গ্রেপ্তার ও নির্যাতনের খবরে উদ্বেগও প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক সংগঠনটি।
গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে সিপিজে এক বিবৃতিতে মিজানুরের ব্যাপারে এই আহ্বান ও উদ্বেগ জানায়। সংগঠনটি বলেছে, গত ২২ মার্চ একটি আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন। গত রোববার একটি মেডিকেল বোর্ড তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের জানিয়েছে, তাঁর শরীরে জখম ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তাঁর কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সিপিজের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর বব ডায়াজ বলেন, ‘...বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। সাংবাদিক মিজানুর রহমানের গ্রেপ্তার ও পুলিশি হেফাজতে তাঁকে নির্যাতনের অভিযোগ এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা কর্তৃপক্ষের প্রতি মিজানুর রহমানের ওপর থেকে অভিযোগগুলো প্রত্যাহার, তাঁর মুক্তি ও তাঁকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের খবর অনুযায়ী দুর্নীতি এবং স্থানীয় কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে মিজানুর প্রতিবেদন করায় প্রতিশোধ নিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, বাংলাদেশে সাংবাদিকেরা ক্ষমতাসীনদের হাতে হয়রানির শিকার হওয়ার পাশাপাশি অন্যান্য মহল থেকেও সাংবাদিকেরা, বিশেষত ব্লগাররা হুমকির মুখে পড়ছেন।
সমাবেশ-মানববন্ধন: মিজানুরের মুক্তি চেয়ে গতকাল পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ মানববন্ধনে প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ক্লাবের নেতা-কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। মিজানুরকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে মঠবাড়িয়ায় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করারও ঘোষণা দেন বক্তারা।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর পটুয়াখালী অফিস ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি}